জানুয়ারি ১১, ২০২৬, ০৩:০৫ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ২১তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাওহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডব দেখল দর্শকরা। তবে দুর্দান্ত এক ইনিংস খেলেও মাত্র ৩ রানের আক্ষেপে শতক ছোঁয়া হলো না এই তরুণ তুর্কির।
হৃদয়ের অপরাজিত ৯৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স।
টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী ওয়ারিয়র্স। ওপেনার কাইল মেয়ার্স দ্রুত বিদায় নিলে চাপে পড়ে রংপুর। অধিনায়ক লিটন দাস ও ইফতিখার আহমেদও আজ সুবিধা করতে পারেননি। একপর্যায়ে রানের গতি ধীর হয়ে পড়লে ক্রিজে অবিচল থেকে ইনিংস পুনর্গঠনের দায়িত্ব নেন তাওহিদ হৃদয়।
চাপের মুখে হৃদয়ের সঙ্গে যোগ দেন খুশদিল শাহ। এই জুটির দৃঢ়তায় লড়াইয়ে ফেরে রংপুর। বিশেষ করে ১৯তম ওভারে তরুণ পেসার রিপন মণ্ডলের ওপর চড়াও হন হৃদয়। সেই এক ওভার থেকেই আসে ২৮ রান, যা রংপুরের স্কোরকে দেড়শ পার করে দেয়।ইনিংসের শেষ ওভারে রংপুরের সংগ্রহ ছিল ১৭২ রান, আর হৃদয়ের ব্যক্তিগত রান ৯২। শতক পূর্ণ করতে প্রয়োজন ছিল ৮ রান। জিমি নিশামের করা প্রথম বলেই চার মেরে ৯৬-এ পৌঁছান তিনি।
দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে ৯৭ রানে স্ট্রাইক পরিবর্তন করেন। কিন্তু পরের দুই বলে খুশদিল শাহ এক চার মেরে আউট হয়ে গেলে সমীকরণ কঠিন হয়ে যায়। শেষ বলটি নিখুঁত ওয়াইড ইয়র্কার হওয়ায় রান নিতে ব্যর্থ হন হৃদয়। ফলে ৫৬ বলে ৯৭ রানেই অপরাজিত থাকতে হয় তাকে।রাজশাহীর পক্ষে তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, জিমি নিশাম ও সন্দীপ লামিচানে একটি করে উইকেট শিকার করেন। ১৭৯ রানের লক্ষ্যে এখন ব্যাটিং করছে রাজশাহী ওয়ারিয়র্স।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন