সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মাঠে একি করলেন সোবোসলাই! ভুল করেও জিতল লিভারপুল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ১১:০৯ পিএম

মাঠে একি করলেন সোবোসলাই! ভুল করেও জিতল লিভারপুল

ভুল তো ভুলই, তবে দমিনিক সোবোসলাই যেটা করেছেন তাকে ‘মহাভুল’ বললেও বোধহয় কম বলা হবে। লিভারপুলের এই মিডফিল্ডারের শিশুসুলভ ভুলে গোল হজম করতে হয়েছে দলকে। তবে সেই ভুল আর মাঠের ফল—এই দুইয়ের মধ্যে শেষ পর্যন্ত হাসি ফুটেছে লিভারপুলেরই। নিজেদের মাঠ অ্যানফিল্ডে বার্নসলিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে অলরেডরা।

ম্যাচের ৪০ মিনিটে ঘটে সেই আলোচিত ঘটনা। লিভারপুলের বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রণ নিতে দৌড়েছিলেন সোবোসলাই। তাঁর পিছু নিয়েছিলেন বার্নসলির মিডফিল্ডার অ্যাডাম ফিলিপস। 

সোবোসলাই বলের দখল পেলেও নিজের পেছনে থাকা গোলরক্ষক মামারদাশভিলিকে ব্যাক-হিল করে বল দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। বল সরাসরি চলে যায় প্রতিপক্ষ ফিলিপসের পায়ে। এমন উপহার পেয়ে গোল করতে ভুল করেননি ফিলিপস। এতে সহজ এক গোলে ব্যবধান কমায় বার্নসলি।

কোচ আর্নে স্লট শিষ্যের এই কাণ্ডে বেশ বিরক্ত। ম্যাচ শেষে তিনি বলেন, “এফএ কাপ, লিগ কিংবা অনুশীলন—কোথাও এমন ভুল করা উচিত নয়। এটি একটি অদ্ভুত সিদ্ধান্ত ছিল। ভুল বাদ দিলে পুরো ম্যাচে লিভারপুল ছিল অপ্রতিরোধ্য। ৯ম মিনিট: দমিনিক সোবোসলাই নিজেই গোল করে দলকে এগিয়ে নেন। ৩৬তম মিনিট: জেরেমি প্রিমপং ব্যবধান দ্বিগুণ করেন। 

৪০তম মিনিট: সোবোসলাইয়ের ভুলে গোল হজম করে স্কোর হয় ২-১। ৮৪তম মিনিট: ফ্লোরিয়ান উইর্টজ গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন।৯০+৪ মিনিট (ইনজুরি টাইম): হুগো একিতিকে দলের হয়ে চতুর্থ গোলটি করে বার্নসলির কফিনে শেষ পেরেকটি ঠোকেন।পুরো ম্যাচে বার্নসলিকে কোনো সুযোগই দেয়নি লিভারপুল। তৃতীয় স্তরের এই দলকে ধসিয়ে দিয়ে শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল আর্নে স্লটের শিষ্যরা।