জানুয়ারি ১৭, ২০২৬, ১১:১৯ এএম
ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির চিরন্তন দ্বৈরথ এবার আয়ের মঞ্চে নতুন মোড় নিয়েছে। ২০২৫ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় পর্তুগিজ সুপারস্টার রোনালদো শীর্ষস্থান ধরে রেখে এক অনন্য ইতিহাস গড়েছেন। খ্যাতিমান স্পোর্টস বিজনেস পোর্টাল স্পোর্তিকোর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে।
যে গত এক বছরে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে ২৬০ মিলিয়ন ডলারে যা তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আয়ের ঠিক দ্বিগুণ। এই তালিকার মাধ্যমে রোনালদো টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ হিসেবে নিজের অবস্থান সংহত করলেন।
রোনালদোর এই বিশাল আয়ের প্রধান উৎস হলো সৌদি আরবের ক্লাব আল-নাসরের সাথে তার করা আকাশছোঁয়া চুক্তি। গত এক বছরে বেতন ও বোনাস বাবদ তিনি ক্লাব থেকে পেয়েছেন ২০০ মিলিয়ন ডলার।
এর বাইরে মাঠের বাইরের বিভিন্ন বিজ্ঞাপন, নিজস্ব ব্র্যান্ড সিআরসেভেন এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে তার আয় হয়েছে আরও ৬০ মিলিয়ন ডলার। অন্যদিকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ২০২৫ সালে ১৩০ মিলিয়ন ডলার আয় করে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন। মেসির আয়ের বড় একটি অংশ অর্থাৎ প্রায় ৭০ মিলিয়ন ডলার এসেছে মাঠের বাইরের বাণিজ্যিক চুক্তি ও স্পনসরশিপ থেকে। ইন্টার মায়ামির হয়ে মাঠের সাফল্য ও বৈশ্বিক ব্র্যান্ড ভ্যালু মেসিকে আয়ের দৌড়ে টিকিয়ে রাখলেও রোনালদোর তুলনায় তিনি পিছিয়ে পড়েছেন।
তালিকায় বড় চমক হয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল ক্যানেলো আলভারেজ যার মোট আয় ১৩৭ মিলিয়ন ডলার। ফুটবলারদের মধ্যে রোনালদো ও মেসির পর শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন সৌদি আরবের আল-ইত্তিহাদ ক্লাবের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তিনি ১১৫ মিলিয়ন ডলার আয় করে ষষ্ঠ স্থানে রয়েছেন।
এছাড়া শীর্ষ পাঁচের বাকি নামগুলোর মধ্যে রয়েছেন বেসবল তারকা হুয়ান সোটো এবং বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। স্পোর্তিকোর এই প্রতিবেদনটি বিশ্ব ক্রীড়াঙ্গনে অর্থের প্রভাব এবং বিশেষ করে সৌদি প্রো লিগের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির বিষয়টি আবারও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও রোনালদোর ব্র্যান্ড ভ্যালু ও উপার্জনের এই ধারাবাহিকতা ক্রীড়া বিশ্লেষকদের রীতিমতো অবাক করে দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন