জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৩০ পিএম
বিপিএলের এবারের আসরে নোয়াখালী এক্সপ্রেসের পর দ্বিতীয় দল হিসেবে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মোহাম্মদ মিঠুনের দল। অন্যদিকে এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের পাহাড় গড়ে রংপুর। দলের পক্ষে ওপেনার ডেভিড মালান ৪৯ বলে ৭৮ এবং তাওহিদ হৃদয় ৪৬ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। ওপেনার উসমান খান ১৮ বলে ৩১ রান করলেও অধিনায়ক মিঠুন ২৯ বলে মাত্র ২৫ রান করে আউট হন।
তবে শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ৩০ বলে ৫৮ রানের অপরাজিত এক ঝড়ো ইনিংস খেলে লড়াই জমিয়ে তুলেছিলেন। কিন্তু তাতে হারের ব্যবধান কমানো ছাড়া আর কোনো লাভ হয়নি।
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানেই থেমে যায় ঢাকার ইনিংস। ৯ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট পাওয়ায় ঢাকার বিদায় ঘণ্টা বেজে যায়। রংপুরের হয়ে মালান ম্যাচসেরার পুরস্কার জেতেন এবং সাইফউদ্দিন ঢাকার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন