সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:২৭ এএম

বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ আসিফ নজরুলের

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ক্রিকেটের মাঠে বাংলাদেশের প্রতি পাকিস্তানের এই নজিরবিহীন সংহতি প্রকাশকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন ধন্যবাদ পাকিস্তান। 

এর আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট করেন যে খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয় এবং বাংলাদেশকে অন্যায্যভাবে বাদ দেওয়ার প্রতিবাদেই তারা ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 

তিনি এই সিদ্ধান্তকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠানোর ঝুঁকি নিতে চায়নি এবং আইসিসিও নিরপেক্ষ ভেন্যুর দাবি প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। 

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান পাকিস্তান অত্যন্ত ভেবেচিন্তে এই উপযুক্ত সিদ্ধান্তটি নিয়েছে। আসিফ নজরুল তার পোস্টে শেহবাজ শরীফের বক্তব্য উদ্ধৃত করে আইসিসি থেকে বাংলাদেশের বঞ্চিত হওয়ার বিষয়টি পুনরায় সামনে আনেন। উল্লেখ্য যে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ও পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা একে উপযুক্ত ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।