রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিরোপা দৌড়ে বড় ধাক্কা: টানা দুই হার রিয়াল মাদ্রিদের

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৩:২৩ পিএম

শিরোপা দৌড়ে বড় ধাক্কা: টানা দুই হার রিয়াল মাদ্রিদের

বার্নাব্যুতে হতাশ রিয়াল

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বড় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় সোমবার রাতে হেতাফের কাছে ১–০ গোলে হেরে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে লস ব্লাঙ্কোসরা। এর আগে গত শনিবার ভিলারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। হেতাফেকে হারাতে পারলে সেই ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনার সুযোগ ছিল রিয়ালের সামনে, কিন্তু ঘরের মাঠে সেই সুযোগ হেলায় হারিয়েছে তারা।

বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে একক আধিপত্য ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এটি লিগে রিয়ালের টানা দ্বিতীয় হার। এর আগে ওসাসুনার বিপক্ষেও ২–১ গোলে হেরেছিল আরবেলোয়ার শিষ্যরা। 

পরিসংখ্যান বলছে, ২০২০ সালের পর এই প্রথম লিগে টানা দুই ম্যাচ হারল মাদ্রিদের ক্লাবটি। অন্যদিকে ২০০৮ সালের পর এই প্রথম বার্নাব্যুর মাঠ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরল হেতাফে।

গুরুত্বপূর্ণ এই সময়ে রিয়ালের বড় দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে। হাঁটুর চোটের চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সে থাকা এই ফরোয়ার্ডকে ছাড়াই শেষ দুই ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল এবং দুটিতেই হার দেখতে হয়েছে তাদের। কাল রাতে বার্নাব্যুতে রিয়াল সমর্থকদের হতাশায় ভাসানোর কারিগর ছিলেন হেতাফের উরুগুয়েন ফরোয়ার্ড মার্তিন সাত্রিয়ানো। ম্যাচের ৩৯ মিনিটে রিয়ালের ছন্নছাড়া রক্ষণকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত এই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

ম্যাচে হারের যন্ত্রণার সাথে যোগ হয়েছে লাল কার্ডের বিষাদ। যোগ করা সময়ে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ম্যাচের পর রিয়াল কোচ আলভারো আরবেলোয়া হতাশা প্রকাশ করলেও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “অবশ্যই আমরা ভালো খেলতে পারতাম। তবে আমার খেলোয়াড়রা চেষ্টা করেছে। এটা রিয়াল মাদ্রিদ, শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চলবে। ৪ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ওঠা সম্ভব।” আগামী শুক্রবার সেল্তা ভিগোর মুখোমুখি হবে রিয়াল, এরপর চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচে তাদের লড়তে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।