রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৭:৫৩ পিএম

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

বিশ্বকাপে নেই ইরান

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে বর্তমান পরিস্থিতির কারণে ইরান ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না। বুধবার এক বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী দাবি করেছেন যে তাদের দেশের সর্বোচ্চ নেতা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এই ধরনের বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া তাদের পক্ষে বর্তমানে সম্ভব নয়। 

এই ঘোষণা বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কারণ ইরান এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল শক্তি হিসেবে পরিচিত এবং তারা নিয়মিত বিশ্বকাপে অংশ নিয়ে আসছিল।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী ইরান বাছাইপর্বের বাকি ম্যাচ বা মূল আসর কোনোটিতেই অংশ নেবে না। 

যদিও এই বিষয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণত রাজনৈতিক কারণে কোনো দেশ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলে ফিফার পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানার ঝুঁকি থাকে তবে তেহরান তাদের সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানা গেছে।

দেশের অভ্যন্তরীণ শোকাবহ পরিস্থিতির কথা উল্লেখ করে ক্রীড়ামন্ত্রী আরও জানান যে এই পরিবেশে জাতীয় দলের কোনো আনন্দঘন প্রতিযোগিতায় নামা সমীচীন হবে না। উল্লেখ্য যে ইরান এর আগে বেশ কয়েকবার ফুটবল বিশ্বকাপে সুনামের সঙ্গে অংশ নিয়েছে এবং তাদের অনেক ফুটবলার ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলছেন। হঠাত এই সিদ্ধান্তে ইরানের ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। আন্তর্জাতিক রাজনৈতিক সংকটের পাশাপাশি এখন ক্রীড়াঙ্গনেও ইরানের এই অবস্থান বৈশ্বিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।