রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপের স্বপ্ন বাঁচল ইতালির

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১০:২৯ এএম

বিশ্বকাপের স্বপ্ন বাঁচল ইতালির

ইতালির জয়োল্লাস

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো উজ্জ্বল। বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আজ্জুরিরা। ঘরের মাঠে এই জয় ইতালির ফুটবল সমর্থকদের দীর্ঘদিনের আক্ষেপ মেটানোর পথে এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

টানা দুইবার বিশ্বকাপের মূল আসরে জায়গা পেতে ব্যর্থ হওয়া ইতালি এবার শুরু থেকেই বেশ সতর্ক ছিল। যদিও ম্যাচের প্রথমার্ধে আধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পায়নি তারা। ইতালির আক্রমণভাগের ব্যর্থতায় বিরতির সময় গ্যালারিতে থাকা সমর্থকদের মধ্যে কিছুটা অসন্তোষও লক্ষ্য করা গেছে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কৌশলে পরিবর্তন আনেন ইতালির কোচ। মাঝমাঠে সান্দ্রো টোনালির অসাধারণ নিয়ন্ত্রণ এবং আক্রমণভাগে মোয়িজে কিনের বোঝাপড়া ইতালির খেলায় নতুন গতি যোগ করে। 

ম্যাচের ৫৩ মিনিটে জটলার ভেতর থেকে বল পেয়ে জোরালো শটে গোল করে দলকে লিড এনে দেন টোনালি। এক গোল হজম করার পর উত্তর আয়ারল্যান্ড কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়লে ইতালির আক্রমণ আরও ধারালো হয়। ম্যাচের শেষদিকে টোনালির তৈরি করে দেওয়া সুযোগ থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোয়িজে কিন। এই গোলের মাধ্যমেই ইতালির জয় নিশ্চিত হয়ে যায়।

এই জয়ের ফলে প্লে-অফ ফাইনালে উন্নীত হলো ইতালি। সেখানে তাদের মুখোমুখি হতে হবে ওয়েলস অথবা বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যকার জয়ী দলের। প্লে-অফ ফাইনালের সেই বাধা পার হতে পারলেই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে চারবারের এই বিশ্বচ্যাম্পিয়ন দেশ। টানা দুই আসরে প্লে-অফে হেরে বাদ পড়ার যে তিক্ত স্মৃতি ইতালির রয়েছে, এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে মরিয়া ফুটবলাররা। বৃহস্পতিবার রাতের এই ফলাফল ইতালির ফুটবল পুনর্জাগরণের নতুন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।