এপ্রিল ১৭, ২০২৬, ১০:৩৭ এএম
দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউরোপের ফুটবল মঞ্চে নতুন ইতিহাস লিখল নটিংহ্যাম ফরেস্ট। ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে পর্তুগিজ ক্লাব পোর্তোকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঐতিহ্যবাহী এই ইংলিশ ক্লাবটি। এর মাধ্যমে ১৯৮৪ সালের পর এই প্রথম ইউরোপীয় কোনো বড় টুর্নামেন্টের শেষ চারে নাম লেখাল তারা।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ার পর সেমিফাইনালে যেতে দুই দলের জন্যই এই জয় ছিল অপরিহার্য।
ম্যাচের মাত্র অষ্টম মিনিটে বড় ধাক্কা খায় পোর্তো। নটিংহ্যাম ফরেস্টের স্ট্রাইকার ক্রিস উডকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পোর্তোর ডিফেন্ডার ইয়ান বেদনারেক। ১০ জনের দলে পরিণত হওয়া পোর্তোর ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে ফরেস্ট।
ম্যাচের এই সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১২তম মিনিটে নেকো উইলিয়ামসের চমৎকার এক পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন মর্গান গিবস-হোয়াইট। তার নেওয়া শটটি পোর্তোর এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। গোল করার পর গিবস-হোয়াইট তা উৎসর্গ করেন ব্যক্তিগত কারণে ম্যাচে অনুপস্থিত থাকা সতীর্থ এলিয়ট অ্যান্ডারসনকে। পুরো ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে নটিংহ্যাম ফরেস্ট।
তবে ঐতিহাসিক এই জয়ের রাতেও ফরেস্ট শিবিরে রয়েছে চোটের দুশ্চিন্তা। ফাউলের শিকার হওয়া ক্রিস উড প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচের শেষ দিকে ইনজুরিতে পড়েন রক্ষণভাগের অন্যতম ভরসা মুরিলো এবং উইঙ্গার কালাম হাডসন-ওডোই। প্রিমিয়ার লিগে টিকে থাকার কঠিন লড়াইয়ের মাঝে এই প্রধান খেলোয়াড়দের চোট দলটির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আগামী ১ মে সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যাম ফরেস্ট লড়বে স্বদেশি ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে। ইউরোপীয় মঞ্চে দুই ইংলিশ ক্লাবের এই লড়াই ঘিরে ফুটবল বিশ্বে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে টুর্নামেন্টের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাগা ও ফ্রেইবার্গ। দীর্ঘ ৪২ বছর পর সেমিফাইনালে ওঠায় নটিংহ্যাম শহরজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন