এপ্রিল ১৯, ২০২৬, ১২:১৪ পিএম
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টে মুইয়েথাই, মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) এবং বক্সিংয়ের অসাধারণ সব লড়াই উপভোগ করেন দর্শকরা।
দেশি-বিদেশি ফাইটিং স্টারদের পেশাদারিত্ব এবং রণকৌশল দেখতে গতকাল শনিবার সন্ধ্যায় গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।গত ১৮ এপ্রিল সন্ধ্যায় এই মেগা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।
বিশেষ এই আয়োজনটি গ্যালারিতে বসে উপভোগ করেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান। এ সময় সানভীর বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন ডিসিপ্লিনের এই লড়াইয়ে অংশ নেন বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের মোট ২৪ জন প্রতিযোগী। মোট ১২টি বাউটে বা লড়াইয়ে ভাগ করা হয়েছিল পুরো টুর্নামেন্টকে। ১ নম্বর বাউটে বাংলাদেশের ইয়াহসান হাসিন তার প্রতিপক্ষ আজিজুল সরকারকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ বেল্ট ছিনিয়ে নেন। ২ নম্বর বাউটে বাংলাদেশের আজিদ বেবি লড়েছেন সিঙ্গাপুরের নিক চুয়ার বিপক্ষে, যেখানে জয়ী হন নিক চুয়া। ৩ নম্বর বাউটে সিঙ্গাপুরের শন রাফায়েল স্যানি বাংলাদেশের আব্দুল হামিদ নূরকে পরাজিত করেন।
তবে ফিলিপাইন ও থাইল্যান্ডের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ সাফল্য দেখিয়েছেন বাংলাদেশি ফাইটাররা। ৪ নম্বর বাউটে বাংলাদেশের ইমন তঞ্চঙ্গ্যা ফিলিপাইনের রকি ব্যাকটলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ৫ নম্বর বাউটে বাংলাদেশের হোসাইন আহমেদ থাইল্যান্ডের উইরাওয়াত সাপনলার বিপক্ষে জয় পান। ৭ ও ৮ নম্বর বাউটে যথাক্রমে ইসার কবির এবং গাজ্জালী বেনজাদিদ জিদান জয়ী হয়ে বেল্ট জয় করেন। ৯ নম্বর বাউটে বাংলাদেশের মাসাদুল রেজা অমিও জয়লাভ করেন। ১০ নম্বর বাউটে বাংলাদেশের মনজুর আলম ফিলিপাইনের জন ইজেকিয়েল পাগালাঙ্গানকে পরাজিত করেন।
নারীদের লড়াইয়েও ছিল বিশেষ চমক। ১১ নম্বর বাউটে নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত থাইল্যান্ডের পর্নপিমন পংপেও-এর বিপক্ষে লড়াই করে চ্যাম্পিয়নশিপ বেল্ট অর্জন করেন। ১২ নম্বর বাউটে আসরের অন্যতম সেরা লড়াইয়ে বাংলাদেশের মোহাম্মদ রাশেদ থাইল্যান্ডের সিংথং সর সিঙইউ-এর বিপক্ষে জয়ী হয়ে আসরটি শেষ করেন।
আয়োজক সংস্থা তানভীর বসুন্ধরা গ্রুপের লক্ষ্য হলো দেশের তরুণ প্রজন্মকে প্রচলিত খেলার বাইরেও বৈশ্বিক মানের কমব্যাট স্পোর্টসের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ক্রীড়াবিদরা মনে করছেন, এই ধরনের আন্তর্জাতিক মঞ্চ দেশের তরুণ ফাইটারদের জন্য বাতিঘর হিসেবে কাজ করবে। নিয়মিত এমন আয়োজন হলে বাংলাদেশের প্রতিযোগীরা ভবিষ্যতে বিশ্বমানের প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসর শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও চ্যাম্পিয়নশিপ বেল্ট তুলে দেওয়া হয়।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন