এপ্রিল ২৫, ২০২৬, ০৫:২৭ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই লড়াইয়ে অভিজ্ঞ ও প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে জাতীয় নির্বাচক প্যানেল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চা-নগরী সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ঘোষিত এই স্কোয়াডে নেতৃত্বের গুরুভার রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ওপর। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার নাহিদা আক্তার।
মূলত সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে দলের ধারাবাহিক পারফরম্যান্সের বিষয়টি মাথায় রেখেই নেতৃত্বের এই জোড়িতে ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে অন্যান্যদের মধ্যে রয়েছেন মারুফা আক্তার, দিলারা আক্তার, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন এবং রিতু মনির মতো পরীক্ষিত ক্রিকেটাররা।
এছাড়া বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে দলে রাখা হয়েছে ফারিহা ইসলাম তৃষ্ণা ও শানজিদা আক্তার মাঘলাকে।নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ এপ্রিল এবং ২ মে। প্রতিটি ম্যাচই সিলেট স্টেডিয়ামে দুপুর দেড়টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সিলেটের স্পিন সহায়ক উইকেটে নাহিদা আক্তার ও রাবেয়া খানদের ঘূর্ণি বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বিসিবি। শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন ও জুয়াইরিয়া ফেরদৌসরাও নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন এই সিরিজে।
বিসিবির নির্বাচক কমিটি ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি চারজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেছে। সেখানে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফারজানা হক পিংকিসহ শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার। জরুরি প্রয়োজনে যে কোনো সময় তাঁদের মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। ঘরের মাঠের কন্ডিশনকে কাজে লাগিয়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা। এ নিয়ে স্থানীয় ক্রিকেট ভক্তদের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দল শিগগিরই সিলেটে নিজেদের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন