রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

লিডসকে বিদায় করে এফএ কাপের ফাইনালে চেলসি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১০:৪৮ এএম

লিডসকে বিদায় করে এফএ কাপের ফাইনালে চেলসি

চেলসির জয়ের উল্লাস

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী আসর এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। গত কয়েক মাস ধরে প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতার পর লন্ডনের ক্লাবটি এই জয়ের মাধ্যমে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল। রবিবার রাতে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা। 

ম্যাচের একমাত্র গোলটি এসেছে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে।খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে চেলসি। ম্যাচের ২৩তম মিনিটে চেলসির পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোর বাড়ানো এক মাপা ক্রস থেকে বল পান আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। 

নিখুঁত এক হেডের মাধ্যমে তিনি লিডসের জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধের সেই একমাত্র গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণী হয়ে দাঁড়ায়। এরপর লিডস একাধিক আক্রমণ করলেও চেলসির রক্ষণভাগ কোনো ফাটল ধরতে দেয়নি।

উল্লেখ্য যে, গত কয়েক সপ্তাহ চেলসির জন্য ছিল অত্যন্ত কঠিন। প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ হারার পর কোচ লিয়াম রোসেনিওকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। সহকারী কোচ ক্যালাম ম্যাকফারলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বড় কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল ছিল তার জন্য প্রথম বড় পরীক্ষা, যেখানে তিনি সফলভাবে দলকে ফাইনালে নিয়ে গেছেন। দ্বিতীয়র্ধে লিডস ইউনাইটেড সমতায় ফেরার চেষ্টা করলেও চেলসির গোলরক্ষক রবার্ত সানচেজ কয়েকটি দর্শনীয় সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।

এই জয়ের ফলে চেলসি এখন তাদের নবম এফএ কাপ শিরোপার স্বপ্ন দেখছে। আগামী ১৬ মে মেগা ফাইনালে তাদের লড়াই হবে পেপ গার্দিওলার শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ওয়েম্বলি স্টেডিয়ামে সেই শিরোপা লড়াইয়ের অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব। লিডসকে হারিয়ে ফাইনালে ওঠায় চেলসির সমর্থকদের মধ্যেও নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। দীর্ঘদিন পর একটি বড় শিরোপার খুব কাছে পৌঁছাতে পেরে খেলোয়াড়দের মধ্যেও আত্মবিশ্বাস ফিরে এসেছে।