রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ১০:৫৫ পিএম

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস নারী হকির বাছাই পর্বের সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আইরিন রিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে এই ঐতিহাসিক জয় পায় লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমবারের মতো এশিয়ান গেমসের এই ইভেন্টের বাছাই খেলতে গিয়েই ফাইনালে পৌঁছানোর কৃতিত্ব দেখালো বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাকার্তায় প্রথম সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। এর আগে চারবার এশিয়ান গেমস খেলার অভিজ্ঞতা থাকা সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। 

ম্যাচের অষ্টম মিনিটে রিয়ার ফিল্ড গোলে লিড নেয় দল। তবে প্রথম কোয়ার্টারের দ্বাদশ মিনিটে চিয়া চেরিলের গোলে সমতা ফেরায় সিঙ্গাপুর।ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে দুই দলই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও রক্ষণভাগের দৃঢ়তায় জালের দেখা পায়নি কেউ। 

চতুর্থ কোয়ার্টারে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের ৫৬তম মিনিটে সার্কেলের ভেতর থেকে জোরালো হিটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন রিয়া। এরপর ৫৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।ম্যাচের বাকি সময় সিঙ্গাপুর আর কোনো গোল করতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। 

এর আগে গ্রুপ পর্বেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। এ জয়ের ফলে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে লড়ার পাশাপাশি মূল পর্বে খেলার পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ নারী হকি দল।হকি সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতাহীন দল হওয়া সত্ত্বেও সিঙ্গাপুরের মতো দলকে হারানো দেশের নারী হকির জন্য বড় একটি মাইলফলক। রিয়ার ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি দলের সম্মিলিত প্রচেষ্টাই এই সাফল্য এনে দিয়েছে।