এপ্রিল ২৯, ২০২৬, ১০:২৪ এএম
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বন্দরনগরী চট্টগ্রামে আজ দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর টাইগারদের সামনে এখন বড় সুযোগ সিরিজ জয় নিশ্চিত করে ঢাকায় ফেরার।বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
গত দুই দিন ধরে একই ধরনের আবহাওয়ার কারণে দুই দলের মাঠের প্রস্তুতি ব্যাহত হয়েছে। গতকাল নিউজিল্যান্ড দলের ঐচ্ছিক অনুশীলন থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করতে হয়। অন্যদিকে লিটন দাস ও সাইফ হাসানদের বিশ্রাম থাকলেও বৃষ্টির কারণে তারা হোটেলেই সময় কাটিয়েছেন। জিম ও সুইমিং করে নিজেদের চাঙা রাখার চেষ্টা করেছে দুই দলই।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজও সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত উন্নত হওয়ায় বৃষ্টি থামলে দ্রুত খেলা শুরু করা সম্ভব। মাঠকর্মীদের মতে, বৃষ্টি থামার মাত্র ৩০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী করা যাবে।
ব্যাটিং স্বর্গের এই উইকেটে গত ম্যাচে ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ের সেই আত্মবিশ্বাস আজ কাজে লাগাতে মরিয়া চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বড় কোনো ইনজুরি না থাকায় বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে নিউজিল্যান্ড শিবিরে দুশ্চিন্তা অধিনায়ক টম লাথামকে নিয়ে। পুরোপুরি সুস্থ না হওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আজকের ম্যাচে জয় পেলে কিউইদের বিপক্ষে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এখন দেখার বিষয়, বেরসিক বৃষ্টি থামিয়ে লিটন বাহিনী সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারে কি না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন