রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রোনালদো ও কোম্যানের গোল: শিরোপার কত কাছে আল নাসর?

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৯:৫৬ এএম

রোনালদো ও কোম্যানের গোল: শিরোপার কত কাছে আল নাসর?

রোনালদোর ৯৭০তম গোলের উদযাপন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর মাইলফলক ছোঁয়ার রাতে আল আহলিকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। বুধবার (২৯ এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আল-আওয়াল পার্কে এই জয়ের মাধ্যমে লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আল নাসরের ফুটবলাররা।ম্যাচের শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। 

আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই চললেও প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানেই শেষ হয়।তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় স্বাগতিক আল নাসর। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। ম্যাচের ৭৬তম মিনিটে সেই চাপের ফল পায় দলটি। 

পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্সের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত টাইমিংয়ে হেড করে জাল খুঁজে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারের ৯৭০তম গোল। পুরো ম্যাচে তিনটি শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা।

গোল হজম করার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আল আহলি। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আল নাসর। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অর্থাৎ ৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় কিংসলে কোম্যান। আইমান ইয়াহইয়ার পাস থেকে ঠান্ডা মাথায় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, বল দখলে আল আহলির চেয়ে সামান্য এগিয়ে ছিল আল নাসর। তাদের অধিকাংশ আক্রমণই ছিল কার্যকর। 

পুরো ম্যাচে নেওয়া ৭টি শটের মধ্যে ৬টিই ছিল প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর থেকে। অন্যদিকে আল আহলি পুরো ম্যাচে মাত্র একটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে সক্ষম হয়।এই জয়ে সৌদি প্রো লিগ শিরোপার দৌড়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আল নাসর। ৩০ ম্যাচ শেষে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের মোট পয়েন্ট এখন ৭৯। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল হিলাল।