রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন কুঁড়ি স্পোর্টসে হামজা চৌধুরী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ০৮:৩০ পিএম

নতুন কুঁড়ি স্পোর্টসে হামজা চৌধুরী

মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ এক উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠানে যোগ দিলেন জাতীয় দলের তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী। ৪ দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকা আসা লেস্টার সিটির এই মিডফিল্ডার আজ খুদে খেলোয়াড়দের সঙ্গে দারুণ সময় কাটান এবং তৃণমূলের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগের প্রশংসা করে হামজা চৌধুরী বলেন, ‘এখান থেকেই ভবিষ্যৎ তারকা খেলোয়াড়রা উঠে আসবে। তারা একদিন বড় মাপের খেলোয়াড় হয়ে আমাকে কিংবা জামাল ভূঁইয়াদেরও ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন হামজা। তিনি বলেন, ‘আমাকে আমন্ত্রণের জন্য মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ। এটি একটি অসাধারণ কাজ। তিনি যা করছেন, তা পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হবে। 

আশা করি, খেলাধুলায় বাংলাদেশ একদিন বিশ্ব মানচিত্রে শক্ত জায়গা করে নেবে।’মাইলফলক ৪৫ হাজার মেয়ের রেজিস্ট্রেশন।হামজার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি এই কর্মসূচির একটি বড় সাফল্যের তথ্য তুলে ধরে বলেন, ‘নতুন কুঁড়িতে এরই মধ্যে ৪৫ হাজার মেয়ে রেজিস্ট্রেশন করেছে, যা বাংলাদেশের ফুটবলের জন্য একটি বিশাল মাইলফলক। হামজা চৌধুরীকে আমাদের সব খুদে ক্রীড়াবিদ স্টারের চোখে দেখে।’

তাবিথ আউয়াল আরও যোগ করেন, ‘প্রতিমন্ত্রী আমিনুল হক এবং হামজা মিলে আজ যে অনুপ্রেরণা দিয়েছেন, তা কেবল এই মাঠেই সীমাবদ্ধ থাকবে না। আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে এই বার্তা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে, যা হাজারো তরুণ-তরুণীকে খেলাধুলায় নিয়মিত থাকতে এবং পেশাদার হিসেবে নিজেকে গড়তে উৎসাহিত করবে।’

উল্লেখ্য, ইংল্যান্ড প্রবাসী দেওয়ান হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অন্যতম ভরসা। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য তৃণমূলের ফুটবলকে উজ্জীবিত করা এবং তরুণ ফুটবলারদের সাথে অভিজ্ঞতা বিনিময় করা।