রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রোনালদোর সেঞ্চুরি ও ফেলিক্সের হ্যাটট্রিকে জিতল আল নাসর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ১০:১৪ পিএম

রোনালদোর সেঞ্চুরি ও ফেলিক্সের হ্যাটট্রিকে জিতল আল নাসর

সৌদি লিগে ১০০ গোলের মাইলফলকে রোনালদো।

সৌদি প্রো লিগে গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার মাইলফলক ছোঁয়ার রাতে আল শাবাবকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে লিগ শিরোপা জয়ের পথে বড় এক ধাপ এগিয়ে গেল দলটি।বৃহস্পতিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল নাসরের জয়ে বড় ভূমিকা রাখেন জোয়াও ফেলিক্স। 

ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই তিনি জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। তবে প্রথমার্ধের শেষ দিকে ইয়ান্নিক কারাসকো আল শাবাবের পক্ষে একটি গোল শোধ করলে ব্যবধান দাঁড়ায় ২-১।

ম্যাচের দ্বিতীয়র্ধে মাইলফলক স্পর্শ করেন রোনালদো। ৭৫ মিনিটে সাদিও মানের ক্রস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। এর মাধ্যমে সৌদি লিগে নিজের শততম গোলের দেখা পেলেন এই পর্তুগিজ কিংবদন্তি। এই অর্জনে পৌঁছাতে তিনি খেলেছেন ১০৫টি ম্যাচ।

পয়েন্ট তালিকার হিসাব অনুযায়ী, ৩২ ম্যাচে আল নাসরের সংগ্রহ এখন ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল। আগামী মঙ্গলবার মুখোমুখি হবে লিগের শীর্ষ এই দুই দল। ওই ম্যাচে জয় পেলে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করবে আল নাসর। সেক্ষেত্রে আল হিলাল তাদের বাকি সব ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৮৩ পয়েন্টে পৌঁছাতে পারবে।

রোনালদোর বর্ণিল ক্যারিয়ারের এটি ৯৭১তম গোল। হাজারতম গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২৯ গোল। চলতি লিগ মৌসুমে এ নিয়ে ২৬টি গোল করলেন তিনি।ম্যাচের শেষ দিকে আল শাবাব আরও একটি গোল শোধ করে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে ইনজুরি টাইমে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরের ৪-২ গোলের বড় জয় নিশ্চিত করেন জোয়াও ফেলিক্স।