মে ১১, ২০২৬, ০৮:১২ পিএম
২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা ওঠার এক মাস আগে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই তালিকায় অধিনায়ক লিওনেল মেসিকে কেন্দ্র করে দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এই প্রাথমিক তালিকা থেকেই পরবর্তীতে বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ জনের দল বেছে নেওয়া হবে।
ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার ঘরোয়া লিগের খেলোয়াড়দের আধিপত্য লক্ষ্য করা গেছে। এর মধ্যে রিভার প্লেটের ৬ জন এবং বোকা জুনিয়র্সের ৪ জন ফুটবলার জায়গা পেয়েছেন। এ ছাড়া রেসিং ক্লাবের গ্যাব্রিয়েল রোহাস এবং গোলরক্ষক ফাকুন্দো কামবেসেসকেও দলে রাখা হয়েছে।
স্কালোনি বেশ কিছু নতুন মুখকে সুযোগ দিয়েছেন যারা এর আগে জাতীয় দলের হয়ে খেলেননি। এদের মধ্যে রয়েছেন হামবুর্গ এসভির নিকোলাস কাপালদো, গেতাফের জাইদ রোমেরো এবং পারমার মাতেও পেলেগ্রিনো।
তরুণদের মধ্যে চেলসির আলেহান্দ্রো গারনাচো এবং রোমার মাতিয়াস সুলে তালিকায় রয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়ুসের প্রতি আপত্তিকর আচরণের কারণে ফিফার নিষেধাজ্ঞার মুখে থাকা জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকেও প্রাথমিক দলে রাখা হয়েছে। খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবের খেলা শেষে এজিজায় এএফএ-র ক্যাম্পে যোগ দেবেন। এরপর জুনের শুরুতে দলটি যুক্তরাষ্ট্রের কানসাসে বেস ক্যাম্প করার উদ্দেশ্যে দেশ ছাড়বে।
গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর পাশাপাশি নতুনদের মধ্যে ফাকুন্দো কামবেসেসকে রাখা হয়েছে। রক্ষণভাগে লিসান্দ্রো মার্তিনজ, ক্রিশ্চিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞদের সঙ্গে রয়েছেন অগুস্তিন জিয়াই ও নাহুয়েল মলিনা। মধ্যমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে নিয়ে মূল শক্তি সাজানো হয়েছে। আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদাকে রাখা হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে বিশ্বচ্যাম্পিয়নরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে। এএফএ জানিয়েছে, খেলোয়াড়দের ফিটনেস এবং প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে পরবর্তীতে চূড়ান্ত দল ঘোষণা করবেন স্কালোনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন