বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে নেইমার ফিরলেও ছিটকে গেলেন এস্তেভাও

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১২, ২০২৬, ০৪:৪২ পিএম

২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে নেইমার ফিরলেও ছিটকে গেলেন এস্তেভাও

ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমার

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নেইমারকে নিয়ে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে চোটের কারণে এই দল থেকে বাদ পড়েছেন উদীয়মান তরুণ ফরোয়ার্ড এস্তেভাও।ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১১ মে’র নির্ধারিত সময়সীমার মধ্যে ফিফার কাছে এই তালিকা জমা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। 

প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম অন্তর্ভুক্ত থাকলেও ডান উরুর পেশির চোটের কারণে শেষ পর্যন্ত জায়গা পাননি এস্তেভাও।১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পেয়েছিলেন। শুরুতে বিশ্বকাপের আগে সুস্থ হওয়ার আশা থাকলেও ব্রাজিল ও চেলসির চিকিৎসক দল তার শতভাগ ফিটনেস নিয়ে নিশ্চিত হতে পারেনি। 

গত সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে যাওয়ার সময় তাকে হতাশ দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলোকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিতে হয়। এই তালিকা থেকেই পরবর্তীতে চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল নির্বাচন করা হবে।

৩৪ বছর বয়সী নেইমারের জন্য এই স্কোয়াডে ফেরাটি আন্তর্জাতিক ফুটবলে বড় প্রত্যাবর্তনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড বর্তমান কোচ আনচেলত্তির অধীনে এর আগে কোনো স্কোয়াডে ডাক পাননি।এস্তেভাও ছাড়াও গুরুতর চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন এদের মিলিতাও ও রদ্রিগো। 

রিয়াল মাদ্রিদের এই দুই তারকা খেলোয়াড় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন।গত গ্রীষ্মে প্রায় ২৯ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া এস্তেভাও নতুন ক্লাবের হয়ে ৩৬ ম্যাচে ৮টি গোল করেছেন। আনচেলত্তির পছন্দের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চোটের কারণে তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।