রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ স্থানে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ১২:১৮ এএম

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ স্থানে বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই দুর্দান্ত জয়ের সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের অষ্টম থেকে সরাসরি ষষ্ঠ স্থানে উঠে এল বাংলাদেশ।

চতুর্থ চক্রে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১টি জয়, ১টি হার ও ১টি ড্রতে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানটি দখল করেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশ তালিকার নিচের দিকে অর্থাৎ অষ্টম স্থানে ছিল।

উল্লেখ্য, এই চক্রে এটি বাংলাদেশের দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে শ্রীলংকা সফরে দুই ম্যাচের সিরিজের একটিতে জয় ও একটিতে ড্র করেছিল তারা। অন্যদিকে, বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হেরে পয়েন্ট টেবিলের পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে গেছে পাকিস্তান। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে তাদের সংগ্রহ ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট। নিজেদের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার সাথে ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান তালিকায় সবার উপরে অবস্থান করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে তাদের পয়েন্ট ৮৭.৫০ শতাংশ। ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। কিউইরা ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে ড্র করেছে।

র‍্যাঙ্কিংয়ের পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে দক্ষিণ আফ্রিকা (তৃতীয়, ৭৫ শতাংশ পয়েন্ট), শ্রীলংকা (চতুর্থ, ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট) এবং ভারত (পঞ্চম, ৪৮.১৫ শতাংশ পয়েন্ট)। তালিকার নিচের দিকে অর্থাৎ অষ্টম ও নবম স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড (১০ ম্যাচে ৩১.৬৭ শতাংশ পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজ (৮ ম্যাচে ৪.১৭ শতাংশ পয়েন্ট)। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভালো ফলাফল করতে পারলে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে।