মে ২০, ২০২৬, ০২:২৫ পিএম
মিরপুরের পর সিলেটেও জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে স্বাগতিকরা। ঘরের মাঠে এমন নজিরবিহীন সিরিজ হারের পর পাকিস্তানের টেস্ট অধিনায়কের পদ থেকে শান মাসুদের সরে দাঁড়ানো এখন সময়ের ব্যাপার।
তার টেস্টে জয়ের হার মাত্র ২৫ শতাংশ।২০২৩ সালে বাবর আজম পদত্যাগ করার পর টেস্ট দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে তার যাত্রা শুরু হয়েছিল।
এরপর পিসিবির চরম অস্থিরতার মাঝে ১৬টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ১২টিতেই হারের স্বাদ পেয়েছেন। মাত্র চারটি ম্যাচে জয়ের মুখ দেখেছে তার দল।বুধবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি পদত্যাগের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।
অধিনায়কত্বের চেয়ার আঁকড়ে ধরার কোনো ইচ্ছা তার নেই। তিনি জানিয়েছেন টেস্ট ক্রিকেটের উন্নতির জন্যই তিনি এই কঠিন দায়িত্ব নিয়েছিলেন। দলের উন্নতির পথ খুঁজে বের করাই তার মূল লক্ষ্য। কিছু বিষয় নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।যে পদেই থাকুন না কেন দলের প্রতি তার নিবেদন অপরিবর্তিত থাকবে।খেলোয়াড় হিসেবেও তিনি দলে সমান ভূমিকা রাখতে চান। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো তার কাছে অত্যন্ত গর্বের বিষয়।
এই লক্ষ্য বাস্তবায়নে বাকি সবকিছু একপাশে সরিয়ে রেখে কাজ করেছেন বলে তিনি মন্তব্য করেন।সিলেটের উইকেটে দুই ইনিংসেই পাকিস্তানের ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরম্যান্স নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। টেস্ট ক্রিকেটকে ধৈর্যের খেলা উল্লেখ করে তিনি বলেন এখানে সামান্য ভুলেরও কোনো ক্ষমা নেই। পাঁচ দিনের ম্যাচে ছোট ভুলের চড়া মাসুল পুরো দলকে দিতে হয়। এখন বড় পরিবর্তনের চেয়ে নিজেদের ভুলগুলো চিনে তা কমানোর দিকে মনোযোগ দিতে চান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন