রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ, ফল সন্ধ্যায়

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৪:৩৩ পিএম

শেষ হলো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ, ফল সন্ধ্যায়

শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। রোববার সকাল ১০টা থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। আজ সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফল ঘোষণা করা হবে।অল্প সময়ের ব্যবধানে এটি বোর্ডের দ্বিতীয় নির্বাচন।

গত বছরের অক্টোবরে নির্বাচনের পর অনিয়ম ও কারচুপির অভিযোগে গত এপ্রিল মাসে বিসিবি কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। গঠন করা হয় অ্যাডহক কমিটি। সেই প্রেক্ষিতেই আজ অনুষ্ঠিত হলো এই নির্বাচন।

পুরো নির্বাচনী প্রক্রিয়া বেশ শান্ত ছিল। সকালের দিকে ভোটদানের হার ছিল ধীরগতিতে, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কাউন্সিলরদের উপস্থিতি বাড়ে। মিরপুর স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। বাইরের যান চলাচল সীমিত রাখা হয়।

নির্বাচনের বেশ কিছু পরিচালক পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে সিলেট, বগুড়া ও ঠাকুরগাঁওয়ের কাউন্সিলররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন। ঢাকা বিভাগ থেকেও দুজন নির্বাচিত হয়েছেন।অন্যান্য বিভাগের পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে সবার চোখ এখন ঢাকার ক্লাব ক্যাটাগরির দিকে। ১৬ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিচালক হওয়ার দৌড়ে তামিম ইকবাল, ফাহিম সিনহা, মাসুদুজ্জামানসহ বেশ কয়েকজন এগিয়ে আছেন।

সব বিভাগের ফল সন্ধ্যার মধ্যেই জানা যাবে। এই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাঁধে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণভার অর্পিত হবে। কাউন্সিলরদের মতে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বোর্ডের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব। সন্ধ্যা নাগাদ স্পষ্ট হয়ে যাবে আগামীতে বিসিবির নেতৃত্বে কারা থাকছেন।