জুন ৭, ২০২৬, ০৬:৫৪ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে। আজ রোববার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া এই ভোট প্রক্রিয়া বিকেল চারটায় শেষ হয়। সন্ধ্যায় ছয়টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নেওয়া ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এই ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৭৪টি ভোট।
দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়ে পরিচালক হয়েছেন। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। তালিকায় থাকা অন্য নির্বাচিতরা হলেন— আসিফ রাব্বানী ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ড. শামীম ৪১ ভোট।
নির্বাচনে অংশ নেওয়া চারজন প্রার্থী পরিচালক হওয়ার দৌড়ে পরাজিত হয়েছেন। এদের মধ্যে বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ আহমেদ পেয়েছেন ২০ ভোট।
গত এপ্রিল মাসে বিসিবি কমিটি ভেঙে দেওয়ার পর আজ এই নির্বাচনের মাধ্যমে বোর্ডের নতুন নেতৃত্ব নির্ধারিত হলো। জয়ী পরিচালকদের নতুন কমিটির কাঁধে দেশের ক্রিকেটের দায়িত্বভার অর্পিত হবে। সন্ধ্যা নাগাদ ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন