জুন ৮, ২০২৬, ১১:৩৪ পিএম
বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে, তিনটি দেশে এবং ১০৪টি ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ। টুর্নামেন্টটি চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মোট ৩৯ দিন।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দলের সংখ্যায়। ৪৮টি দলকে চারটি করে দল নিয়ে ১২টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপপর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দল নকআউট পর্বে জায়গা পাবে।
ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো ৩২ দলের নকআউট রাউন্ড দেখা যাবে এবার।বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা একসঙ্গে আয়োজন করছে টুর্নামেন্টটি।
যুক্তরাষ্ট্রে আটালান্টা, বোস্টন, লস অ্যাঞ্জেলেসসহ ১০টি শহরে, মেক্সিকোতে ৩টি এবং কানাডার ২টি শহরে ম্যাচ অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়াম প্রথম ভেন্যু হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপ আয়োজনের ইতিহাস গড়ছে।শিরোপার দৌড়ে বরাবরের মতো স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, আর্জেন্টিনা ও ব্রাজিলের নাম আলোচনায় রয়েছে।
এ ছাড়া নরওয়ে, মরক্কো ও জাপানের মতো দলগুলো চমক দেখাতে পারে। টুর্নামেন্টটিতে কুরাসাও, কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে।বাংলাদেশে সময়সূচির ভিন্নতার কারণে ম্যাচগুলো রাত ১০টা, ১টা এবং ভোর ৪টা থেকে সকাল ৭টার মধ্যে দেখা যাবে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন