সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০২:২৮ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ বড় সংগ্রহের পথে রয়েছে। ইনিংসের শুরুতে ওপেনার সাইফ হাসান দ্রুত সাজঘরে ফিরলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান।

ম্যাচের দ্বিতীয় ওভারে সাইফ হাসান আউট হওয়ার পর তানজিদ তামিম ও নাজমুল শান্তর দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৬ রান। দুজনেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। 

তবে সেট হয়েও বড় শট খেলতে গিয়ে তারা আউট হওয়ায় কিছুটা চাপে পড়েছিল দল। তবুও মোসাদ্দেক হোসেন সৈকত ও তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩০০ রানের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক ৩৯ রান এবং হৃদয়ের ব্যাট থেকে এসেছে ২১ রান।

অস্ট্রেলিয়ার বোলাররা শুরুর দিকে ভালো করলেও ক্যাচ মিসের মহড়ায় অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল। ইনিংসের ৩৬ ওভার পর্যন্ত অস্ট্রেলিয়ান ফিল্ডাররা তিনটি ক্যাচ হাতছাড়া করেছে, যার পূর্ণ ফায়দা নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

উইকেটের চরিত্র এবং ব্যাটারদের বর্তমান ছন্দে ৩০০ রানের ম্যাজিক ফিগার স্পর্শ করা এখন বাংলাদেশের জন্য বেশ সম্ভব। ক্রিজে থাকা ব্যাটারদের স্থায়িত্ব এবং নিচের দিকের ব্যাটারদের দ্রুত রান তোলার ক্ষমতার ওপর নির্ভর করছে শেষ পর্যন্ত স্কোরবোর্ড কতটা সমৃদ্ধ হবে। ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছেন শেষ ১৩ ওভারে টাইগারদের ব্যাটিং তাণ্ডবের দিকে।