জুন ১৬, ২০২৬, ০৩:৩৩ পিএম
বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর মাঠের বাইরের নানা প্রতিকূল পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরান জাতীয় ফুটবল দলের প্রধান কোচ আমির ঘালেনোয়ি। ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন যে এই বিশ্বকাপে তারাই সবচেয়ে বেশি নির্যাতিত দল। লস অ্যাঞ্জেলেসে খেলা শেষ হওয়ার পরপরই ইরান দলকে কোনো বিশ্রাম না দিয়ে অবিলম্বে মেক্সিকোতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরিকল্পিত বিশ্রামের সুযোগ না পাওয়ায় এই অসন্তোষ প্রকাশ করেন কোচ।কোচ আমির ঘালেনোয়ি আরও অভিযোগ করেন যে আগে তাদের মঙ্গলবার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু ম্যাচ শেষ হতেই কোনো যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই আকস্মিক সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের দ্রুত ফিরে যেতে বাধ্য করা হচ্ছে।
বারবার সময়সূচি পরিবর্তন করে দলকে এক জটিল ও মানসিক চাপের মধ্যে ফেলা হচ্ছে বলে তিনি দাবি করেন। তবে এই ধরনের কোনো বাঁধাই দলের ফুটবলারদের থামাতে পারবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।ইরান দল চলতি বিশ্বকাপে শুরু থেকেই একাধিক কূটনৈতিক ও লজিস্টিক সমস্যার মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘ রাজনৈতিক উত্তেজনার কারণে দলের বেশ কয়েকজন স্টাফ সদস্যের ভিসা জটিলতা তৈরি হয়, যার ফলে তারা পূর্ণাঙ্গ দল নিয়ে সঠিক সময়ে প্রস্তুতি নিতে পারেনি।
এমনকি পূর্বপরিকল্পনা অনুযায়ী অ্যারিজোনার টুসানে ফুটবল ক্যাম্প করার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল করে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নিতে বাধ্য করা হয়। বিশেষ বিষয় হলো এই ম্যাচের ঠিক একদিন আগেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত বন্ধে একটি দ্বিপাক্ষিক শান্তিচুক্তি ঘোষণা করা হয়েছিল।
দলের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমিও ম্যাচ শেষে সংবাদমাধ্যমের কাছে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। তিনি জানান যে খেলোয়াড় ও স্টাফরা বর্তমানে প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন এবং তারা যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। এই বৈশ্বিক টুর্নামেন্টে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের আরও বেশি সহায়তা করা উচিত ছিল বলে তিনি মনে করেন। মাঠে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে সমতায় ফেরা ইরান এখন মাঠের বাইরেও এক কঠিন প্রশাসনিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন