জুন ২১, ২০২৬, ১০:৩৩ পিএম
লিওনেল মেসি আর রেকর্ড যেন একে অন্যের পরিপূরক। চলমান বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে কয়েকটি অনন্য রেকর্ড স্পর্শ করার পর এবার নতুন এক বিশ্বরেকর্ডের হাতছানি আর্জেন্টিনার এই মহাতারকার সামনে। ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড অস্ট্রিয়ার বিপক্ষে আগামী ম্যাচে একবার প্রতিপক্ষের জাল খুঁজে পেলেই তিনটি অনন্য বিশ্বরেকর্ড এককভাবে নিজের করে নেবেন।
তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেছেন।আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপে লিওনেল মেসির মোট গোলসংখ্যা এখন ১৬। অস্ট্রিয়ার বিপক্ষে আর মাত্র একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন ইতিহাস লিখবেন।
শুধু গোলসংখ্যাই নয়, আলজেরিয়ার বিরুদ্ধে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়। এই জয়ের সংখ্যাতেও তিনি ক্লোসার রেকর্ডের সমতায় পৌঁছেছেন এবং অস্ট্রিয়াকে হারালে ১৭টি জয় নিয়ে বিশ্বকাপের সবচেয়ে সফল ফুটবলার হবেন তিনি।এ ছাড়া ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও নিজের করে নেওয়ার অনন্য সুযোগ রয়েছে মেসির সামনে।
এতদিন এই রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর দখলে ছিল, যিনি ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে ৫টি গোল করেছিলেন। এর আগে ২০১৪ বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দূরপাল্লার গোল করেছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে আরেকটি গোল করায় তিনি রিভেলিনোর রেকর্ডে ভাগ বসিয়েছেন এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে নতুন মাইলফলক অর্জনের অপেক্ষায় আছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন