জুন ২৩, ২০২৬, ০৯:০৫ পিএম
অস্ট্রিয়ার বিপক্ষে ২–০ গোলের জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচে দুর্দান্ত জোড়া গোল করার মধ্য দিয়ে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা এখন ১৮-তে দাঁড়িয়েছে।তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এই অনন্য উচ্চতায় পৌঁছালেন।
খেলা শুরুর আগে তিনি যৌথভাবে ক্লোসার সাথে শীর্ষে ছিলেন। লিওনেল মেসির এই বিশ্বরেকর্ড গড়ার পর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফা তাদের ভেরিফায়েড পেজে মেসিকে নিয়ে একটি বিশেষ ভিজ্যুয়াল পোস্ট প্রকাশ করে। সেখানে আর্জেন্টিনার জার্সি পরা মেসির পেছনে তাঁর ১০ নম্বর জার্সিটিকে আকাশে তারার মতো আলোকিত করে দেখানো হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয় যে মেসি রেকর্ডকেও ড্রিবল করে গেছেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ঐতিহাসিক এই ম্যাচের শুরুতেই অবশ্য পেনাল্টি মিস করে কিছুটা হতাশায় পড়েছিলেন এই তারকা। খেলার তৃতীয় মিনিটে লাওতারো মার্তিনেজ বক্সে ফাউলের শিকার হলে পাওয়া সুযোগটি তিনি কাজে লাগাতে ব্যর্থ হন। তবে ৩৮তম মিনিটে থিয়াগো আলমাদা ও ফাকুন্দো মেদিনার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে প্রথম গোলটি করেন তিনি। এরপর ম্যাচের যোগ করা সময়ে নিজেরই তৈরি করা আক্রমণ থেকে ফিরতি বল পেয়ে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন