জুলাই ১, ২০২৬, ০৫:৫৪ পিএম
চলতি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে মাঠ মাতাচ্ছেন তরুণ উইঙ্গার মাইকেল ওলিসে। তাঁর এমন চোখধাঁধানো পারফরম্যান্স দেখে ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরে অঁরি সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, কিলিয়ান এমবাপ্পে যদি দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হন, তবে ওলিসে হলেন বর্তমান দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। বিশ্বমঞ্চে ওলিসের এই দুর্দান্ত পথচলা ফুটবল ইতিহাসের দুই মহানায়ক পেলে এবং লিওনেল মেসির দুটি অত্যন্ত পুরোনো ও মর্যাদাপূর্ণ রেকর্ড ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে তাঁকে।
ইতিমধ্যেই তিনি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার একটি অনন্য কীর্তি ছুঁয়ে ফেলেছেন।বিশ্বকাপের ইতিহাসে একক আসরে সবচেয়ে বেশি গোল করানোর বা অ্যাসিস্টের তালিকায় শীর্ষ স্থানটি দীর্ঘদিন ধরে ব্রাজিলের কালো মানিক পেলের দখলে রয়েছে। পরিসংখ্যানভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে পেলে একাই ছয়টি অ্যাসিস্ট করেছিলেন।
এর পরবর্তী সময়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি করে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছিলেন ১৯৭৪ সালে পোল্যান্ডের রবার্ত গাদোচা, ১৯৮২ আসরে জার্মানির পিয়েরে লিটবারস্কি, ১৯৮৬ সালে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা এবং ১৯৯৪ বিশ্বকাপে জার্মানির থমাস হাসলার। গত ম্যাচে সুইডেনের বিপক্ষে চমৎকার দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে ওলিসে চলতি আসরে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যা পাঁচে নিয়ে গেছেন এবং এই তালিকায় ম্যারাডোনা ও লিটবারস্কিদের পাশে নিজের নাম লিখিয়েছেন।
পেলের সেই ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করার কিংবা তা ছাড়িয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ ওলিসে পাচ্ছেন শেষ ১৬ বা নকআউট পর্বের প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচটিতেই। শুধু পেলের বিশ্বকাপ রেকর্ডই নয়, আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসির একটি অনন্য ঘরোয়া রেকর্ডও এখন ওলিসের হাতছানি দিচ্ছে। ফুটবল ইতিহাসে এক মরসুমে ক্লাব ও দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্ট করার বিশ্বরেকর্ড রয়েছে লিওনেল মেসি ও হুয়ান মাতার নামে। মেসি এই অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন ২০১১-১২ মরসুমে এবং হুয়ান মাতা সেটি ছুঁয়েছিলেন ২০১২-১৩ মরসুমে। এছাড়া ২০১০-১১ মরসুমে জার্মানির মেসুত ওজিল করেছিলেন ৩৩টি অ্যাসিস্ট।
সুইডেনের বিপক্ষে জোড়া অ্যাসিস্টের পর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স জাতীয় দলের হয়ে এই মরসুমে ওলিসের মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩২টিতে। ফলে আর মাত্র দুটি অ্যাসিস্ট করলে তিনি মেসি ও মাতাকে স্পর্শ করবেন এবং তিনটি অ্যাসিস্ট করতে পারলে ফুটবল ইতিহাসের এক মরসুমের সর্বোচ্চ অ্যাসিস্টকারী হিসেবে এককভাবে নতুন রেকর্ড গড়বেন। চলতি বিশ্বকাপে ওলিসে যেভাবে একের পর এক রক্ষণভাগ চূর্ণ করে আক্রমণ সাজাচ্ছেন, তাতে প্যারাগুয়ে ম্যাচে পেলে ও মেসির এই ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন