জুলাই ২, ২০২৬, ১০:৩০ পিএম
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মাঠের খেলার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে তারকাদের ব্যক্তিজীবনও। ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে আবারও শিরোনামে এসেছেন নতুন এক প্রেমের গুঞ্জনে। তার সঙ্গে স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সম্পর্কের কথা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। গত কয়েক মাসে দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়ায় এই জল্পনা এখন তুঙ্গে।
সম্পর্ক নিয়ে এমবাপ্পে বা এস্টার কেউই আনুষ্ঠানিক কিছু বলেননি।২০০০ সালের ২৬ জানুয়ারি মাদ্রিদে জন্মগ্রহণকারী এস্টার এক্সপোসিতো ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ এলিট-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। কার্লা রোসোন চরিত্রে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। বর্তমানে ইনস্টাগ্রামে তার দুই কোটি ৪০ লাখের বেশি অনুসারী রয়েছে, যেখানে তিনি নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেন। এস্টার অবশ্য আগেই জানিয়েছেন, ইনস্টাগ্রাম তার জীবনের খুব ছোট একটি অংশ এবং সুযোগ পেলেই তিনি প্রযুক্তি থেকে দূরে থাকতে পছন্দ করেন।
এমবাপ্পে ও এস্টারের সম্পর্কের খবর প্রথমবার জোরেশোরে শোনা যায় চলতি বছরের এপ্রিলে, যখন প্যারিসে তাদের এক নৈশভোজে দেখা যায়। পরবর্তীতে বিশ্বকাপ শুরুর আগে স্পেনের ইবিজাতেও দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দি করা হয়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার খুব সতর্কভাবে উত্তর দেন এবং সরাসরি কিছু স্বীকার না করলেও ব্যক্তিগতভাবে ভালো থাকার কথা জানান।
বিনোদন জগতের তারকাদের নিয়ে এমন গুঞ্জন নতুন নয়। এমবাপ্পের মতো একজন বৈশ্বিক ফুটবলার ও এস্টারের মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর সম্পর্কের সমীকরণটি ভক্তদের কাছে দারুণ আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে সময়ই বলে দেবে এটি নিছক বন্ধুত্ব নাকি সত্যিই প্রেমের কোনো নতুন গল্প।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন