জুলাই ১৬, ২০২৬, ১১:৩২ পিএম
ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে এই ঐতিহাসিক জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে মালভিনাস ইস্যুতে লেখা ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাজ্য সরকার।বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বিষয়টি ফিফার খতিয়ে দেখা উচিত।
ব্রিটিশ সরকারের দাবি, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে রাজনৈতিক বার্তা প্রদর্শন ফিফার শৃঙ্খলাবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর উদযাপনের সময় আর্জেন্টাইন খেলোয়াড়রা একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে লেখা ছিল `লাস মালভিনাস সন আর্জেন্টিনাস`, যার অর্থ ‘মালভিনাস আর্জেন্টিনার’। এই দ্বীপপুঞ্জকে যুক্তরাজ্য ‘ফকল্যান্ড আইল্যান্ডস’ হিসেবে চেনে এবং দীর্ঘ সময় ধরে এর মালিকানা নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ চলে আসছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র কিয়ার স্টারমার মন্তব্য করেন, বিশ্বকাপ হয়তো আমাদের নয়, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই ব্রিটেনের। দ্বীপবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারই চূড়ান্ত এবং ফকল্যান্ডের প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকার অটুট। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী পিটার কাইলও খেলোয়াড়দের এই আচরণকে ‘সম্পূর্ণ অনুপযুক্ত’ বলে অভিহিত করেছেন।
ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামে কোনো ধরনের রাজনৈতিক, আদর্শিক বা আপত্তিকর বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এই অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড় বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা রয়েছে। অতীতেও একই ধরনের ঘটনায় আর্জেন্টিনাকে জরিমানা করেছিল ফিফা।
এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেজ ও লিয়ান্দ্রো পারেদেস। তারা জানান, মালভিনাস ইস্যু তাদের ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। ১৯৮২ সালে এই দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়েছিল, যেখানে উভয় পক্ষের শতাধিক সেনা নিহত হন।
বিশ্বকাপের ফাইনালের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি মালভিনাস ইস্যু এখন আন্তর্জাতিক ফুটবলের নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী সোমবার দিবাগত রাতে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে আর্জেন্টিনা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন