জুলাই ১৮, ২০২৬, ০৭:২৯ পিএম
বিশ্বকাপ ফুটবলের পুরো আসরজুড়ে ভাঙা আঙুলের যন্ত্রণা নিয়েই খেলছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপ শুরুর আগেই অনামিকা আঙুলে চিড় ধরা সত্ত্বেও অস্ত্রোপচার না করিয়ে দেশের হয়ে মাঠে নামাকেই প্রাধান্য দিয়েছেন তিনি।
গত ২০ মে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান এই গোলরক্ষক। এরপর ব্যান্ডেজ বেঁধেই ম্যাচে খেলেছিলেন তিনি। পরবর্তী সময়ে চিকিৎসকরা তাকে এক মাস মাঠের বাইরে থাকার এবং অস্ত্রোপচারের পরামর্শ দেন। তবে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণে সেই পরামর্শ উপেক্ষা করেন এই তারকা।
মার্তিনেজ জানান, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু দেশের হয়ে বিশ্বকাপ খেলার জন্য তিনি সেই পথ বেছে নেননি। তিনি বলেন, প্রতিদিন আঙুলে ব্যথা অনুভব করেন এবং এটি অত্যন্ত কষ্টদায়ক।
গ্রুপ পর্বে চোটের কারণে স্বাভাবিক অনুশীলন করতে না পারলেও, শেষ ষোলোর পর থেকে তিনি ব্যথার কথা ভুলে খেলার দিকে মনোযোগ দিয়েছেন। তিনি জানান, আর্জেন্টিনা কোচের অনুপ্রেরণামূলক বার্তা তাকে সাহস যুগিয়েছে। কোচের কথাগুলো তার কাছে যেকোনো অর্জনের চেয়েও বেশি মূল্যবান।
বর্তমানে তার পুরো মনোযোগ স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ ঘিরে। আর্জেন্টিনা শিবিরে এখন জয়ের লক্ষ্য ছাড়া অন্য কোনো চিন্তা নেই। অবসরের গুঞ্জন থাকলেও মার্তিনেজ জানান, তিনি সব সময় দলের সাফল্যের জন্যই কাজ করে যেতে চান। আগের বিশ্বকাপের তুলনায় এবারের আসর তিনি অনেক বেশি উপভোগ করছেন বলে মন্তব্য করেন এই গোলরক্ষক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন