শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১২:০০ পিএম

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

ছবি - সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার সময় গুলিবিদ্ধ হয়ে ফাদি হামদাল্লাহ আল-নাসান নামে এক ফিলিস্তিনি যুব ফুটবলারের মৃত্যু হয়েছে। তার পরিবার, স্থানীয় কর্তৃপক্ষ ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।গত ১১ জুলাই এই হামলার ঘটনা ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।

ফাদি ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন এবং আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যানুযায়ী, হামলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফাদির ঊরুতে গুরুতর আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্য তাকে রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। শেষ পর্যন্ত সেই আঘাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা ১ হাজার ১৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫৬৮ জনই ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসান জানান, হামলার সময় এলাকার মেয়েদের চিৎকার শুনে ফাদি তাদের সাহায্য করতে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল। সেখানেই সে গুলিবিদ্ধ হয়। ফাদির মা হানান আল-নাসান জানান, তার ছেলে অত্যন্ত মেধাবী ছিল এবং ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা ছিল।

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে বসতি স্থাপন অবৈধ। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে বৈষম্যমূলক ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়ে আসছে। শনিবার রামাল্লার মেডিকেল কমপ্লেক্স থেকে মরদেহ নিজ গ্রাম আল-মুঘাইয়িরে নিয়ে যাওয়ার পর তাকে দাফন করা হয়েছে।