জুলাই ২১, ২০২৬, ১১:০১ এএম
ফিফা বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও দেশে ফিরে বীরের সম্মান পেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। স্পেনের কাছে ফাইনালে হারের পর বুয়েনস এইরেসে ফিরতেই হাজারো সমর্থক পতাকা, গান আর করতালিতে বিশ্বকাপ রানার্সআপদের উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে জাতীয় দলের অনুশীলন কেন্দ্র পর্যন্ত পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।দীর্ঘ যাত্রার পর দেশে ফেরে দল।
ফাইনালে হারের পর নিউইয়র্ক থেকে বুয়েনস এইরেসের উদ্দেশে যাত্রা শুরু করে দল। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা বুয়েনস এইরেসের মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে পুরো দল একসঙ্গে দেশে ফেরেনি। ১০ জন ফুটবলার সরাসরি নিজ নিজ গন্তব্যে চলে যান, কেউ যুক্তরাষ্ট্রেই থেকে যান আবার কেউ ইউরোপে নিজ নিজ ক্লাবে যোগ দেন।
বাকি ১৬ জন ফুটবলার দেশে ফেরেন। বিমানবন্দরে নামার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাদের স্বাগত জানানো হয়। দেশটির ঐতিহ্যবাহী রেজিমেন্ট অব গ্রেনেডিয়ার্স ব্যান্ড জনপ্রিয় গান বাজিয়ে খেলোয়াড়দের অভ্যর্থনা জানায়।
কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে খোলা ছাদযুক্ত বাসে করে দলকে লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। পথে সমর্থকেরা পতাকা উড়িয়ে এবং স্লোগান দিয়ে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, সমর্থকরা সবসময় দলের পাশে থেকেছে এবং এই যাত্রা প্রমাণ করেছে যে দলের সঙ্গে তাদের সম্পর্ক যেকোনো ফলাফলের চেয়ে অনেক বড়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন