জুলাই ২৪, ২০২৬, ০৩:৫৫ পিএম
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করছে পুরো দল। এর মাঝেই আলবিসেলেস্তে জার্সিতে নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সে ফিরে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া নিয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
বর্তমান দলের আরও বেশ কয়েকজন ফুটবলারের সামনেও এখন একই প্রশ্ন দেখা দিয়েছে।আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না এই অভিজ্ঞ মিডফিল্ডার।সাক্ষাৎকারে পারেদেস প্রকাশ করেন যে, এবারের বিশ্বকাপের শেষ পর্যায়ে তিনি মারাত্মক শারীরিক সংগ্রামের মধ্য দিয়ে গেছেন। মিসরের বিপক্ষে ম্যাচের পর পাঁজরে ছোটখাটো ফাটল বা ইনজুরি থাকা সত্ত্বেও দলের স্বার্থে তিনি পুরো টুর্নামেন্টে খেলেছেন।
চিকিৎসকদের নিবিড় সহায়তা ও ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করে তার পক্ষে মাঠে নামা সম্ভব হয়েছিল বলে জানান তিনি। ফাইনালে হারের পর সৃষ্ট বিভিন্ন বিতর্ক ও ষড়যন্ত্রের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়ে তিনি বলেন, মাঠে স্পেন তুলনামূলক ভালো ফুটবল খেলেছে এবং তাদের জয় সম্পূর্ণ ন্যায্য।
দলের মহাতারকা লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে পারেদেস জানান, শুধু তারা নন, দলের আরও অনেক সিনিয়র খেলোয়াড়ের সামনেই এখন ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কোচের সঙ্গে আলোচনা করে এবং বর্তমান পরিস্থিতি ঠান্ডা মাথায় পর্যালোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।
বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হওয়ার বেদনা দীর্ঘদিন পোড়াবে বলে স্বীকার করেন পারেদেস। তবে গত কয়েক বছরে আলবিসেলেস্তেরা যা অর্জন করেছে, তা দেশের ফুটবলের জন্য এক সোনালী অধ্যায় এবং সেটি নিয়ে সবার গর্ব করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন