রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে সই করলেন লিওনেল স্কালোনি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে সই করলেন লিওনেল স্কালোনি

ছবি - সংগৃহীত

বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে ছুটি কাটানোর সময় এক শিশু সমর্থকের ব্যতিক্রমী আবদারে সাড়া দিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত এক প্রতীকী চুক্তিপত্রে সই করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি নামের এক শিশু নিজের উদ্যোগে ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’ শিরোনামে এই বিশেষ কাগজটি তৈরি করে নিয়ে আসে।

শিশুটির আবেগঘন অনুরোধে কোনো দ্বিধা না করেই প্রতীকী সেই দলিলে স্বাক্ষর করেন বিশ্বকাপজয়ী কোচ।পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শিশু ভক্তটিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সভাপতি ক্লদিও তাপিয়ার উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘এবার আপনার পালা।’ 

অর্থাৎ জাতীয় দলের দায়িত্বে স্কালোনিকে দীর্ঘ মেয়াদের জন্য বহাল রাখার প্রক্রিয়া এখন বোর্ডের পক্ষ থেকে সম্পন্ন করার বার্তা দেওয়া হয়। স্পেনের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ শেষে আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদের পর বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি, যা নিয়ে সম্প্রতি ব্যাপক জল্পনা শুরু হয়।

তবে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া প্রকাশ্য আবেগঘন ভিডিও বার্তায় জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবলের সাফল্যযাত্রা অব্যাহত রাখতে স্কালোনিকে আরও দীর্ঘদিন ডাগআউটে চায় সংস্থাটি। ভবিষ্যতের দলীয় রূপরেখা ও নিজের পদ ধরে রাখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে স্কালোনির সামনে রয়েছে পরবর্তী দুটি আন্তর্জাতিক ফিফা উইন্ডো।ওই নির্ধারিত ম্যাচগুলোর পর আর্জেন্টিনা ফুটবল দলের শীর্ষ কোচের দায়িত্বে তাঁর অবস্থান নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।