বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এ বছর বিপিএল মাঠে গড়াচ্ছে না, জানালেন বিসিবি সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৭:৫০ পিএম

এ বছর বিপিএল মাঠে গড়াচ্ছে না, জানালেন বিসিবি সভাপতি

ছবি - সংগৃহীত

এ বছর বিপিএল মাঠে গড়াচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে গত কয়েক বছরে তৈরি হওয়া অনিশ্চয়তা, বকেয়া ও নিয়মভঙ্গের অভিযোগ আর টেনে নিতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। শেষ মুহূর্তে দল জোগাড় করে কিংবা ঘাটতি রেখে এবার টুর্নামেন্ট আয়োজনের পথে হাঁটছে না বোর্ড। ঘরোয়া ক্রিকেটের পুরো কাঠামো পুনর্বিন্যাস করা এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। 

একটি নতুন ফর্মুলা নিয়ে কাজ চলছে এবং ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডার জানিয়ে দেওয়া হবে।বিপিলের আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা, নিয়ম মানা ও আর্থিক দায়বদ্ধতা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। কয়েকটি দলের অনিয়মের কারণে শেষ পর্যন্ত বোর্ডকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। বিগত দুই বছরে প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান গুণতে হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে লাভ হওয়ার কথা থাকলেও এই সমস্যাগুলোর সমাধান না করা পর্যন্ত লোকসান দিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া ফলপ্রসূ নয় বলে মনে করছেন বোর্ড প্রধান।

আগামী বছর আরও গোছানো ও নিয়মতান্ত্রিকভাবে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বোর্ড। পর্যাপ্ত সময় হাতে থাকলে নিয়মরক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সহজ হবে। প্রতিযোগিতামূলক ও নিরপেক্ষ ক্রিকেট নিশ্চিত করার পাশাপাশি বোর্ডের সম্মান ও মর্যাদা রক্ষা করাই এখন প্রধান অগ্রাধিকার।