শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

নাদাল ও মারে ১০ বছর পর মুখোমুখি: মায়োর্কায় ম্যাচ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৯:৫১ পিএম

নাদাল ও মারে ১০ বছর পর মুখোমুখি: মায়োর্কায় ম্যাচ

বিশ্ব টেনিস অঙ্গনের দুই কিংবদন্তি তারকা রাফায়েল নাদাল ও এন্ডি মারে এক দশক পর পুনরায় কোর্টে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন। আগামী মাসে স্পেনের মায়োর্কায় নাদাল অ্যাকাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‍‍`রাফা নাদাল অ্যাকাডেমি স্লাম‍‍` শীর্ষক প্রদর্শনীমূলক ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আসন্ন ৩ অক্টোবর মায়োর্কার ম্যানাকোরে এই বিশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী স্কটিশ তারকা এন্ডি মারেকে সরাসরি খেলার আমন্ত্রণ জানান ২২টি মেজরের মালিক স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল। মারের নিয়মিত কঠোর অনুশীলনের বিষয়টি জানতে পেরে নাদাল তাকে বলেন, তিনি জানেন মারে এখনও প্রায় একজন পেশাদার খেলোয়াড়ের মতোই নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছেন। নিজের শারীরিক প্রস্তুতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে নাদাল জানান, তিনি হয়তো অতটা অনুশীলন করতে পারেন না, তবে এখনো কোর্টে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সামর্থ্য তার রয়েছে। এ সময় নাদাল প্রস্তাব দেন, মারে তার কিছু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আসতে পারেন এবং তিনিও নিজের বন্ধুদের একত্র করবেন, যাতে অ্যাকাডেমির দশম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি দলীয় প্রতিযোগিতার আবহ তৈরি করা যায়।

নাদাল ও মারে সর্বশেষবার পেশাদার টেনিস কোর্টে পরস্পরের বিপক্ষে লড়াই করেছিলেন ২০১৬ সালে অনুষ্ঠিত মুতুয়া মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর তাদের এই পুনর্মিলনী ম্যাচকে ঘিরে টেনিসপ্রেমীদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে। এই প্রদর্শনীমূলক ম্যাচে টেনিসের আরেক অবিসংবাদিত কিংবদন্তি রজার ফেদেরার দর্শকের আসনে উপস্থিত থাকতে পারেন বলে আলোচনা চলছে, তবে বিষয়টি এখনো গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।