অক্টোবর ৭, ২০২৬, ০৬:২৮ পিএম
ভারতীয় নারী ক্রিকেটে শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়। দীর্ঘদিন সফলতার সঙ্গে দল পরিচালনা করার পর হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। আর তাঁর স্থলাভিষিক্ত হয়ে তিন সংস্করণেই ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারকা ব্যাটার স্মৃতি মান্দানা।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়েই অধিনায়ক হিসেবে নিজের নতুন এই পথচলা শুরু করবেন তিনি।
ঘোষিত দলে টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন নিকি প্রসাদ ও জিন্তিমণি কালিতা। অন্যদিকে, ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন নন্দনী শর্মা, যিনি এর আগে টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে খেলেছেন। নতুন দায়িত্বে টি-টোয়েন্টিতে স্মৃতির সহকারী বা সহ-অধিনায়ক করা হয়েছে শেফালি ভার্মাকে। আর ওয়ানডে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন দীপ্তি শর্মা।
এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী দলের সদস্য ভারতী ফুলমালি, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ও রাধা যাদব এই টি-টোয়েন্টি দলে স্থান পাননি।
তাঁদের পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন মিনু মণি, অনুষ্কা শর্মা, নিকি প্রসাদ ও জিন্তিমণি কালিতা। এদিকে, হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব হারালেও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে দুই সংস্করণের দলেই বহাল রয়েছেন।
জানা গেছে, আগামী ১৬, ১৮ ও ২০ অক্টোবর রায়পুরে অনুষ্ঠিত হবে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এরপর ভাদোদরায় ২৩, ২৫ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। উল্লেখ্য, এটিই হতে যাচ্ছে ভারত ও জিম্বাবুয়ে নারী দলের মধ্যকার ইতিহাসের প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজ।
আসন্ন সিরিজের জন্য ঘোষিত ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন—স্মৃতি মান্দানা (অধিনায়ক), শেফালি ভার্মা (সহ-অধিনায়ক), নিকি প্রসাদ, হারমানপ্রিত কৌর, অনুষ্কা শর্মা, রিচা ঘোষ, জি কামালিনী, দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, শ্রী চরানি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়, অরুন্ধতী রেড্ডি, জিন্তিমণি কালিতা ও মিনু মণি।
অন্যদিকে, ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন—স্মৃতি মান্দানা (অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রিত কৌর, হারলিন দেওল, তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, বৈষ্ণবী শর্মা, নন্দনী শর্মা, শ্রী চরানি, ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘারে ও রেণুকা ঠাকুর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন