সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:০১ এএম
অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ওপর মনোযোগ দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ৩৫ বছর বয়সী এই বাঁহাতি পেসার অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
স্টার্ক অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ঝুলিতে রয়েছে ৭৯টি উইকেট, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। সেবার শুধু শিরোপা জিতেছি বলেই উপভোগ করিনি, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও সেটি ছিল উপভোগ্য।’
২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়াকে একটি ব্যস্ত টেস্ট সূচির মুখোমুখি হতে হবে। এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর এবং নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। একই বছর অ্যাশেজ সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপও অনুষ্ঠিত হবে।
এসব ব্যস্ত সূচির কথা উল্লেখ করে স্টার্ক বলেছেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখার জন্য আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন