সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:০৮ এএম
ক্রিকেট অনুরাগীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। চার-ছক্কার রোমাঞ্চ নিয়ে আজ থেকে পর্দা উঠছে নারী ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই টুর্নামেন্টকে ঘিরে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেট উৎসব। উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।নারী ওয়ানডে ক্রিকেটের এই মহাযজ্ঞের ত্রয়োদশ আসর বসতে যাচ্ছে এশিয়ার এই দুটি দেশে। এটি আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট, যা ভারতের মাটিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩ সালে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল। তবে শ্রীলঙ্কা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে নারী ক্রিকেটের এই বিশ্বমঞ্চ।এবারের বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। তবে এটাই শেষবার, কেননা আগামী আসর থেকে বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানো হবে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে শিরোপা জয়ের লড়াইয়ে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ান কন্যারা ২০২২ সালে রেকর্ড সপ্তম বিশ্বকাপ ট্রফি জিতে নিজেদের রেকর্ডকে আরও বাড়িয়ে নিয়েছে।
হাইব্রিড মডেলে এবারের নারী বিশ্বকাপের গ্রুপ পর্বটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে, সে হিসেবে প্রতিটি দল খেলবে ৭টি করে ম্যাচ। গ্রুপ পর্বের লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
সেমিফাইনালের সেরা দুটি দল ২ নভেম্বর শিরোপা জেতার মিশনে ফাইনালে মুখোমুখি হবে।ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আজ নারী বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ মাঠে নামবে ২ অক্টোবর। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ হবে পাকিস্তান। তবে তার আগে, আসরের দ্বিতীয় ম্যাচে ইনদোরের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন