সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হংকং ম্যাচের আগে দেশবাসীর সমর্থন চাইলেন হামজা চৌধুরী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৮:০৪ পিএম

হংকং ম্যাচের আগে দেশবাসীর সমর্থন চাইলেন হামজা চৌধুরী

ছবি - সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। সোমবার (৬ অক্টোবর) সকালে লন্ডন থেকে ঢাকায় পা রাখেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ফুটবলার। বিমানবন্দরে নেমেই তিনি দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

টিম হোটেলে পৌঁছে এক ভিডিও বার্তায় হামজা বলেন, “নিরাপদে এসে পড়েছি। ইনশাল্লাহ আমরা সফলকাম হবো। ৯ তারিখে আমরা হংকংয়ের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে খেলব। ইনশাল্লাহ, সবাই আমাদের সমর্থন দিবেন।” লম্বা ভ্রমণ শেষে বিশ্রাম না নিয়েই বিকেলে দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেন তিনি।

চলতি বছর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে ভুটানের বিপক্ষে একটি গোলও করেছেন তিনি।

বাছাইপর্বের ‘সি’ গ্রুপে বর্তমানে বেশ কঠিন অবস্থানে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে দল। সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ও হংকং। তাই বাছাইপর্বে টিকে থাকতে হলে আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই জামাল ভূঁইয়াদের সামনে। দলের এমন কঠিন সময়ে হামজার যোগদান নিঃসন্দেহে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে।