অক্টোবর ১০, ২০২৫, ০৪:২১ পিএম
অবশেষে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান হলো। ২০১৪ সালের পর আবারও ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল আলজেরিয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে সোমালিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ‘দ্য ডেজার্ট ফক্স’ খ্যাত দলটি।
নিজেদের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আলজেরিয়া। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক রিয়াদ মাহরেজ এবং ফরোয়ার্ড মোহামেদ আমোরা। ম্যাচের ৭ম মিনিটেই মাহরেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আমোরা। এর মাত্র ১২ মিনিট পর নিজেই দর্শনীয় এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রেখে ৫৭ মিনিটে মাহরেজের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আমোরা। এই জয়ের ফলে আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে আলজেরিয়া। তারা ২০তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেল।
এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল আলজেরিয়া। তাদের সেরা সাফল্য ছিল ২০১৪ বিশ্বকাপে, যেখানে তারা শেষ ষোলোতে পৌঁছেছিল। এক যুগ পর আবারও বিশ্বমঞ্চে আফ্রিকার এই পরাশক্তিকে দেখার জন্য মুখিয়ে থাকবে ফুটবল বিশ্ব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন