সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মেসির সঙ্গে কলকাতায় আসছেন নেইমার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৪:৪৭ পিএম

মেসির সঙ্গে কলকাতায় আসছেন নেইমার

ছবি - সংগৃহীত

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসির আসন্ন ভারত সফর নিয়ে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখনই এলো আরও বড় এক চমকের খবর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেসির কলকাতা সফরে তার সঙ্গে যোগ দিতে পারেন সাবেক বার্সেলোনা সতীর্থ, ব্রাজিলিয়ান আইকন নেইমার জুনিয়র এবং উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এমনকি পর্তুগালের কিংবদন্তি ডেকোরও আসার সম্ভাবনা রয়েছে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ আয়োজক সংস্থার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য এই সফরকে কলকাতায় একটি ‘বার্সেলোনা পুনর্মিলন’-এর রূপ দেওয়ার পরিকল্পনা চলছে।সূত্রটি জানিয়েছে, “মেসির সঙ্গে আরও তিনজন তারকাকে কলকাতায় আনার চেষ্টা চলছে। আলোচনা বেশ এগিয়েছে এবং সম্ভাবনাও বেশ উজ্জ্বল।” তবে নেইমার, সুয়ারেজ এবং ডেকো শুধুমাত্র কলকাতা পর্বেই অংশ নেবেন বলে জানা গেছে। মেসি এরপর দিল্লি ও মুম্বাইয়েও যাবেন।

এই সফরকে কেন্দ্র করে কলকাতায় ফুটবল, সংগীত ও বিনোদনের এক মহামিলন ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেস। অন্যদিকে, মুম্বাইয়ের অনুষ্ঠানে শচীন টেন্ডুলকার ও গায়ক অরিজিৎ সিং এবং দিল্লির অনুষ্ঠানে বিরাট কোহলির থাকার কথা রয়েছে।

যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ফুটবলপাগল শহর কলকাতায় ‘এমএসএন’ (মেসি-সুয়ারেজ-নেইমার) ত্রয়ীর পুনর্মিলনের এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল উন্মাদনা।