অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৫৫ পিএম
নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। গোল করছেন, করাচ্ছেন এবং দলকে জেতাচ্ছেন। কিন্তু এত কিছুর পরও তিনি ক্লাবের সর্বকালের সেরা হিসেবে মানেন তার শৈশবের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকেই। এমবাপ্পে বলেছেন, রিয়াল মাদ্রিদে রোনালদোই এখনও ‘নাম্বার ওয়ান’।
স্প্যানিশ সম্প্রচার মাধ্যম ‘মুভিস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে তার রোল মডেলকে নিয়ে এই শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো (রোনালদো) সবসময়ই আমার জন্য একজন রোল মডেল। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে আমার কথা হয়। তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমি মনে করি, রিয়াল মাদ্রিদে তিনি এখনো নাম্বার ওয়ান এবং ক্লাবের অন্য খেলোয়াড়দের জন্য তিনি একটি রেফারেন্স পয়েন্ট।”
তবে রোনালদোর পথে না হেঁটে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান এমবাপ্পে। তিনি বলেন, “তিনি (রোনালদো) ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। সমর্থকরা এখনো তাকে নিয়ে স্বপ্ন দেখে। তবে আমি আমার নিজের পথেই হাঁটতে চাই।”
উল্লেখ্য, রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এমবাপ্পে গত মৌসুমে রিয়ালে যোগ দিয়েই করেছিলেন ৪৪ গোল এবং চলতি মৌসুমে ইতোমধ্যে ১৪টি গোল করে ফেলেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে রিয়াল মাদ্রিদ বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন