রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়লো মরক্কো

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৬:১৪ পিএম

টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়লো মরক্কো

ছবি - সংগৃহীত

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলে ইতিহাস গড়া মরক্কো তাদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কঙ্গোকে ১-০ গোলে পরাজিত করে ‘অ্যাটলাস লায়ন্স’রা তাদের টানা জয়ের সংখ্যাকে ১৬-তে উন্নীত করেছে। এই জয়ের মাধ্যমে তারা শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ পর্ব শেষ করল এবং নিজেদের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল।

এই জয়ের মাধ্যমে মরক্কো স্পেন (২০০৮-০৯) ও জার্মানির (২০১৬-১৭) মতো দলের গড়া টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচ জয়ের কীর্তিকে ছাড়িয়ে গেছে। তবে, পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি (২০টি) ম্যাচ জয়ের বিশ্বরেকর্ডটি এখনও আর্জেন্টিনার দখলেই রয়েছে।

ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের জন্য অপেক্ষা করতে হয় মরক্কোকে। অবশেষে জয়সূচক গোলটি করে দলের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার ইউসুফ এন-নেসিরি।

এর আগে, মরক্কো শেষবার জিততে ব্যর্থ হয়েছিল ২০২৪ সালের মার্চে, যখন মৌরিতানিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এরপর থেকে টানা ১৬টি ম্যাচে জয় পেল তারা। এই সময়ে তারা প্রতিপক্ষের জালে ৫০টি গোল দিয়েছে এবং হজম করেছে মাত্র ৪টি গোল। ইতোমধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করা মরক্কোর এই পারফরম্যান্স নিঃসন্দেহে তাদের নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।