অক্টোবর ১৫, ২০২৫, ০৬:২৬ পিএম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা তার পূর্বের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দেশের দুই শীর্ষ ক্রিকেটার মাশরাফি ও সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “আমার জানামতে, উনি (মাশরাফি) ওনার যে রাজনৈতিক অবস্থান ছিল, সেটা থেকে সরে এসেছেন। ফেসবুকে উনি বিষয়টি স্পষ্ট করেছেন বলে আমার মনে পড়ে।”তিনি সাকিব আল হাসানের সঙ্গে মাশরাফির তুলনা করে বলেন, সাকিবের বিষয়টি ভিন্ন। সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি ও অন্যান্য আর্থিক জালিয়াতির অভিযোগে দুদকের মামলা চলমান এবং তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন করে যাওয়ায় এখনো বিতর্কিত।
ক্রীড়া উপদেষ্টা বলেন, “কিন্তু মাশরাফি বিন মর্তুজার বিষয়ে এমন কিছু (অভিযোগ) আমার জানা নেই বা চোখে পড়েনি। উনি তো অবসর নিয়েছেন অনেক আগে এবং খেলার সঙ্গেও আর সেভাবে জড়িত নন। যে কারণে তিনি আলোচনায় আসেননি।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে একটি সাক্ষাৎকারে মাশরাফি রাজনীতিকে অতীত হিসেবে উল্লেখ করেছিলেন, যা তার রাজনীতি থেকে সরে আসার ইঙ্গিত হিসেবেই দেখা হয়েছিল। গত এক বছরে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমেও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখা যায়নি।তবে, ক্রীড়া উপদেষ্টা এও স্পষ্ট করে দেন যে, “এর বাইরে যদি উনি রাষ্ট্রীয় আইনে কোনো অপরাধ করে থাকেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতেই পারে।”


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন