অক্টোবর ২১, ২০২৫, ০৮:১৪ পিএম
দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি স্পিনার কেশভ মহারাজ তার ঘূর্ণিজাদুতে ভাঙলেন ২২ বছরের পুরোনো এক রেকর্ড। রাওয়ালপিন্ডিতে (লাহোর) পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে একাই ৭ উইকেট শিকার করেছেন তিনি, যা পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট লড়াইয়ের ইতিহাসে কোনো প্রোটিয়া বোলারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পাকিস্তান প্রথম দিনে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলা শুরু করে। কিন্তু দিনের শুরু থেকেই কেশভ মহারাজের স্পিন তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৭৪ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
মহারাজ ১০২ রানের বিনিময়ে ৭টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এর মাধ্যমে তিনি ২০০৩ সালে লাহোরেই দক্ষিণ আফ্রিকার আরেক বাঁ-হাতি স্পিনার পল অ্যাডামসের করা ৭ উইকেটে ১২৮ রানের রেকর্ডটি ভেঙে দেন।পেসার-স্পিনার মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের সেরা বোলিংয়ের রেকর্ডটি অবশ্য কাইল অ্যাবটের দখলে, যিনি ২০১৩ সালে ২৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন।
এটি কেশভ মহারাজের টেস্ট ক্যারিয়ারে ১২তম বারের মতো এক ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেওয়ার কীর্তি। তার এই দুর্দান্ত বোলিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকা এখন ম্যাচে চালকের আসনে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন