রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৯:২১ পিএম

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি

ছবি - সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে আরও একবার নেতৃত্বের রদবদল হলো। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে জাতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মাধ্যমে বাঁহাতি এই ফাস্ট বোলার পাকিস্তানের উভয় সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দলের নেতৃত্ব ফিরে পেলেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) পিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। গত বছরের অক্টোবর থেকে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ রিজওয়ান।এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের তিন সংস্করণে এখন দুজন অধিনায়ক হলেন। টেস্ট দলের নেতৃত্বে থাকছেন শান মাসুদ এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি, উভয় ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি।

আগামী ৪ নভেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে শাহিনের দ্বিতীয় অধ্যায় শুরু হবে।এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর শাহিনকে সাদা বলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মাত্র ৯ মাস পর আবারও তার কাঁধেই আস্থা রাখল পিসিবি।

ওয়ানডে ক্রিকেটে শাহিন আফ্রিদির পরিসংখ্যান দুর্দান্ত। ২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তিনি ৬৬টি ওয়ানডে ম্যাচে ২৪.২৮ গড়ে ১৩১টি উইকেট শিকার করেছেন।