সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মেসির জোড়া গোলে ন্যাশভিলেকে উড়িয়ে দিল মায়ামি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ০৯:৫৬ এএম

মেসির জোড়া গোলে ন্যাশভিলেকে উড়িয়ে দিল মায়ামি

ছবি - সংগৃহীত

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জাদুতে আরও একটি জয় পেল ইন্টার মায়ামি। শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে মেসির জোড়া গোলে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। এই ম্যাচে মেসি একটি উড়ন্ত হেডে দুর্দান্ত গোল করে ভক্তদের তাক লাগিয়ে দেন। ম্যাচের আগেই ফুটবলের এই মহাতারকার হাতে লিগের গোল্ডেন বুট পুরস্কার তুলে দেন মেজর লিগ সকারের (এমএলএস) কমিশনার ডন গারবার।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে লিড পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ম্যাচের মাত্র ১৯ মিনিটের মাথায় দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন মেসি। সতীর্থ লুইস সুয়ারেজের বাড়ানো নিখুঁত ক্রসে বক্সের মাঝামাঝি অবস্থান নেওয়া মেসি শরীরকে শূন্যে ভাসিয়ে ডানদিকে ঘুরিয়ে এক দুর্দান্ত হেড করেন। তার এই উড়ন্ত হেডে বল জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এই এক গোলের লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে ব্যবধান বাড়ায় মায়ামি। ম্যাচের ৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে মায়ামির লিড ২-০ হয়। এরপর নির্ধারিত সময় শেষ হলে রেফারি অতিরিক্ত ১২ মিনিট যোগ করেন। সেই অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে মেসি তার দ্বিতীয় গোলের দেখা পান। মায়ামির একজন ফুটবলারের বাড়ানো বল ন্যাশভিলের গোলরক্ষক ঠিকমতো হাতে জমাতে পারেননি, বল ফসকে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে আলতো টোকায় বল জড়ান মেসি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হানি মুখতার সফরকারী ন্যাশভিলের হয়ে একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।

এর আগে ম্যাচের শুরুতে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এমএলএস কমিশনার ডন গারবার। তিনি বলেন, ‘আমরা কোনোদিন ভাবতেও পারিনি, লিও এই ক্লাব, এই শহর এবং এই লিগের জন্য এতটা দিতে পারবে। তিনি মেজর লিগ সকারের গতিপথই বদলে দিয়েছেন। আগামী তিন বছর তাকে পেয়ে আমরা আসলে এক অসাধারণ উপহার পাচ্ছি। আশা করি, এটি সেই উপহার হবে যা বারবার আনন্দ এনে দেবে।’